চুয়াডাঙ্গায়-ময়মনসিংহেও মঙ্গলবার হরতাল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করাসহ কয়েকটি অভিযোগ তুলে মঙ্গলবার ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায়ও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
সোমবার দুপুরে ময়নসিংহ জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেন নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এবং চুয়াডাঙ্গা বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এক বৈঠক শেষে এ হরতালের ঘোষণা দেন।
এর আগে সুনামগঞ্জ ও মাগুরায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল ও ছাত্রদল মঙ্গলবার চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা এ হরতাল ডেকেছে।
সোমবার দুপুরে এ সংগঠনগুলোর নেতৃবৃন্দ বৈঠক করে এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম রেজা ডালিম।
তিনি বলেন, রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে বিনা কারণে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় হরতাল ডাকা হয়েছে।
দুদুর গ্রেপ্তারের খবরে রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল শহরে ঝটিকা মিছিল বের করে।
এসময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে ছাত্রদলের কর্মী আহসান হাবিব মামুন ও এহসান হাবিব মানিককে আটক করে।
পরে রাত ১১টার দিকে দুদুর চুয়াডাঙ্গার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
সোমবার দুপুরে জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশারফ হোসেন নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
