২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান সপরিবারে কারাগারে

পুলিশ পেটানোর মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাকে সপরিবারে কারাগারে পাঠিয়েছে আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুলফিকার আলী জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রেমসাগরের পরিবারের আটক অন্য সদস্যরা হলেন তার বাবা ভানু হাজরা, মা জবা হাজরা, স্ত্রী তমসা রাণী মন্ডল, ভাই শিবসাগর হাজরা, রাহুল হাজরা, মেঘলাল হাজরা ও চাচা রানা হাজরা।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হাসানকে পিটিয়ে আহত করার মামলায় পুলিশ গত ১৮ নভেম্বর রাতে আসামিদের গ্রেপ্তার করতে ওই বাগানে প্রেমসাগর হাজরার বাসায় যায়।

তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রেমসাগররা চার ভাইয়ের হামরায় এএসআই সায়েক আহমদের বাম পা ও কনস্টেবল কাঞ্চন মিয়ার বাম কাঁধের হাড় ভেঙে যায়।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

এসআই গিয়াস আরও বলেন, এ ঘটনায় ওই রাতেই সরকারি কাজে বাধাদান ও পুলিশকে পিটিয়ে আহত করার অভিযোগে প্রেমসাগর হাজরা, তার বাবা ভানু হাজরা, মা জবা হাজরা, স্ত্রী তমসা রাণী মন্ডল, ভাই শিব সাগর হাজরা, রাহুল হাজরা, মেঘ লাল হাজরা ও চাচা রানা হাজরাকে আসামি একটি মামলা করে পুলিশ।

মামলার পর প্রেমসাগর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তাদের বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে বলে এসআই গিয়াস জানান।