ফেনীতে জামায়াত নেতা গ্রেপ্তার
ফেনীতে ম্যাজিস্ট্রেটের উপর হাতবোমা হামলা ও গাড়ি ভাংচুর ঘটনার মামলায় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম সামছুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফেনীর আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান।
গত শুক্রবার রাতে অবরোধকারীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা হামলা করে। এ সময় ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া ও ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমানের স্ত্রী সাঈদা আফরীন মুস্তারি আহত হন।
এ ঘটনায় শনিবার দুপুরে ওই গাড়ির চালক রিয়াদ হাসান বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের নায়েবে আমিরসহ ৩৫ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
সামছুদ্দিন বিভিন্ন অপরাধে একাধিক মামলার পলাতক আসামি বলে বিডিনিউজজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করেছে পুলিশ, র্যাব ও বিজিবি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, নাশকতার চেষ্টার অভিযোগে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিজিবি-র্যাব-পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে।
আটকদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
