ছাদে ট্রেন ভ্রমণের খেসারত প্রাণ দিয়ে
রাজধানীতে কাজ শেষে ট্রেনের ছাদে করে বাড়ি ফেরার পথে পাবনায় রেলসেতুর গার্ডারের আঘাতে লাশ হলেন তিন দিনমজুর।
সোমবার ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় কৈডাঙ্গা রেলসেতুতে এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- ফিটু প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (৩২), মাহতাব উদ্দিনের ছেলে মাতুব্বর আলী (৩০) ও তানুর ছেলে জিয়া (৩৫)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লোহালামারী গ্রামের বাসিন্দা।
যাত্রীদের বরাত দিয়ে ওসি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের মধ্যে ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ছাদেও বেশকিছু আরোহী ছিলেন।
ভোর ৪টার দিকে ট্রেনটি কৈডাঙ্গা রেলসেতু পার হওয়ার সময় কুয়াশায় কারণে ছাদে থাকা যাত্রীরা দুর্ঘটনার শিকার হন।
“ট্রেনটি চাটমোহরের রেলবাজার স্টেশনে এসে থামলে আহতদের চিৎকারে শুনে স্থানীয়রা ছাদ থেকে কয়েকজনকে নামিয়ে আনেন। তারাই তিনজনের মৃতদেহ পান।”
পরে ওই ট্রেনে করেই হতাহতদের নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।
