২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’ নিহত

খুলনার পাইকগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবনের দস্যুদল রাঙ্গা বাহিনী প্রধান আমীর হোসেন ওরফে রাঙ্গা (৪০) নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 09:19 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, রোববার রাত আড়াইটার দিকে উপজেলার কুমখালি এলাকায় এই গোলাগুলির ঘটনার পর তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রাঙ্গা খুলনার রূপসা উপজেলার আলাইপুর গ্রামের শফি উদ্দিন সরদারের ছেলে।

তার বিরুদ্ধে পাইকগাছা, দাকোপ, মংলা, রূপসাসহ বিভিন্ন থানায় অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আধা ডজন মামলা রয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, রোববার বিকালে রাঙ্গাকে পাইকগাছার হরিঢালী গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারে সুন্দরবনে অভিযানে যায় পুলিশ।

ওসির ভাষ্য, কুমখালী এলাকায় রাঙ্গার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাঙ্গা গুলিবিদ্ধ হন।

একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুরুতর আহত রাঙ্গাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি পিস্তল, বন্দুকের ১২টি গুলি, চায়নিজ রাইফেলের সাতটি গুলি এবং পিস্তলের দুটি গুলি, একটি ছোরা, একটি দা ও একটি কাঁচি উদ্ধার করা হয় বলে জানান ওসি।

সোমবার সকালে রাঙ্গার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।