২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বোমায় দগ্ধ লেগুনা চালক

বিএনপির ডাকা অবরোধের ষষ্ঠ দিনে রাজধানীর দক্ষিণ কমলাপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন এক লেগুনা চালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 10:21 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ সেলিম (৩৫) সপরিবারে মুগদার ১৪৫ মদিনাবাগে বাস করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।

মতিঝিল থানার এসআই মো. আউয়াল হোসেন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কমলাপুরের হোটেল শাহ পরানের সামনে এঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় সেলিম লেগুনা চালিয়ে মুগদা হয়ে মতিঝিল যাচ্ছিল। সাড়ে ৭টার দিকে দক্ষিণ কমলাপুরের হোটেল শাহ পরানের সামনে দুর্বৃত্তরা লেগুনায় পেট্রোল বোমা ছুড়ে মারে।

“এতে সেলিমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়; আগুনে লেগুনাটিও অনেকখানি পুড়ে যায়।”

পরে পুলিশ গিয়ে সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু দাস জানান,  বার্ন ইউনিটে চিকিৎসাধীন সেলিমের শরীরের ৩৬ ভাগ পুড়ে গেছে।

এদিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা অটোরিকশার আগুন নেভানোর চেষ্টা করছিল।