২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলিতে ৪ ভারতীয় আটক, ফিরল ৩ বাংলাদেশি

অবৈধভাবে বাংলাদেশ ভ্রমণের পর ফেরার পথে এক বাংলাদেশিসহ চার ভারতীয় নাগরিককে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

অপরদিকে ভারতে আটক হওয়ার দুই দিন পর তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ।

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান জানান, রোববার সকালে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা থেকে একই পরিবারের চার ভারতীয়কে আটক করা হয়েছে।

এরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার টিটাগড় থানার ব্যারাকপুর এলাকার তারক নন্দি (৩৬), তার স্ত্রী রানু নন্দি (৩২),  ছেলে শান্তনু (১৪) ও সৌরভ (১০)।

এছাড়া তাদের সঙ্গে ভরত দাস (৩৮) নামে ঢাকার বিক্রমপুরের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

কমান্ডার মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক চারজন ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছেন।

আটক বাংলাদেশি ভরত দাস বলেন, আটক ভারতীয়রা তার আত্মীয় এবং ১৫ দিন আগে তার কাছে বেড়াতে এসেছিলেন। তাদের পৌঁছে দেওয়ার জন্য তিনি হিলি সীমান্তে এসেছিলেন।

অপরদিকে দুই দিন আগে ভারতে আটক তিন বাংলাদেশি নাগরিককে রোববার বেলা ১১টার দিকে ফেরত দিয়েছে বিএসএফ।

এরা হলেন- দিনাজপুর সদর উপজেলার হাসপাতাল রোডের জুবায়ের হোসেন (১৯), রাজশাহীর পুটিয়া উপজেলার পচামারিয়া গ্রামের রতন কুমার (১৮) ও বাবু মিয়া (১৮)।

হিলি চেকপোস্ট গেট দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে বিজিবি কর্মকর্তা আব্দুল মান্নান জানান।

গত ৯ জানুয়ারি অবৈধপথে ভারতে গেলে হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেছিল।