কুমিল্লায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ১০
কুমিল্লার দেবিদ্বারে অবরোধ চলাকালে ছাত্রদল ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় দেবিদ্বার এস এ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দৈনিক যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি সাইফুল ইসলাম ছাড়া বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুপুরে অবরোধের সর্মথনে ছাত্রদলকর্মীরা একটি মিছিল নিয়ে দেবিদ্বার এস এ সরকারি কলেজ হোস্টেল ও কলেজ রোডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
পরে ছাত্রদলকর্মী-সমর্থকরা একত্রিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ কয়েক রাউণ্ড শটগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় আহত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
