রাষ্ট্রপতির সঙ্গে কানাডার দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।
রোববার বিকালে কানাডীয় হাইকমিশনার বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কর্মকাল সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য হিদার ক্রুডেনকে ধন্যবাদ জানান।”
বাংলাদেশ-কানাডার বিদ্যামান দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘চমৎকার’ আখ্যা দিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার সহযোগিতার কথা স্মরণ করে রাষ্ট্রপতি দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
হিদার ক্রুডেন এ সময় বলেন, কানাডা তার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেয়। এছাড়া কানাডা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এবং শিশু ও মাতৃ স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে।
২০১১ সালের নভেম্বর মাসে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব নেন হিদার ক্রুডেন।
কানাডার হাইকমিশনারের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিকী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তারা রাষ্ট্রপতিকে জানান, প্রতিষ্ঠানটিতে বর্তমানে আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এতে ২৬৫ জন শিক্ষক এবং ৪০ জন বিশেষজ্ঞ রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির আসন্ন সমাবর্তনে যোগ দেওয়ার জন্য এসময় রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রপতি সাক্ষাতের সময়পযোগী শিক্ষার মান উন্নয়নের ওপর জোর দেন।
