পশুর মত ব্যবহার: নৌমন্ত্রী
অবরোধের মধ্যে যশোরে মধ্যরাতে বাসে আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হওয়ার পাঁচ দিনের মাথায় মারা যাওয়া চালকের সহকারী মুরাদকে দেখতে এসে ওই ঘটনাকে ‘পশুর ব্যবহারের’ সঙ্গে তুলনা করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টায় ২০ বছরের তরুণ মুরাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নৌমন্ত্রী বলেন, “এ ধরনের মৃত্যুর নিন্দা জানানোর ভাষা নেই। এটা পশুর মতো ব্যবহার। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
“২০১৩ সালেও তারা ৫৫ জন গাড়ির চালক ও চালকের সহকারীকে পুড়িয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ১৭জন পুলিশকে হত্যা করা হয়েছে। একই অবস্থা এখনও করছে তারা।”
তিনি বলেন, “তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর।”
মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পরিবহন শ্রমিকগণ এই ধরনের নাশকতা রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে।”
অবরোধের আগুনে এখনও কালাম ও নাসির নামে দুইজন বার্ন ইউনিটে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে বলে তিনি জানান।
আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকলকে এই ধরনের বর্বোচিত ঘটনার প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান নৌমন্ত্রী।
গত বুধবার মধ্যরাতে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দেওয়া হয়। তার মধ্যে একটিতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছিলেন মুরাদ।
আগুনে তার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।
ঘটনার পর প্রথমে মুরাদকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন রাতে মুরাদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন বলে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আলী মোর্তজা জানান।
মুরাদ মাগুরার মহম্মদপুর উপজেলার আউনআড়া গ্রামের তোরাব মোল্লার ছেলে।
