২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেটের বাড়ি লক্ষ্য করে হাতবোমা

বিরোধী দলের অবরোধের মধ্যে ফেনীর পর এবার চাঁপাইনবাবগঞ্জে এক ম্যাজিস্ট্রেটের বাড়ি লক্ষ্য করে হাতবোমা হামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 09:20 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শনিবার সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবন লক্ষ্য করে একটি হাতবোমা ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।

একদিন আগেই ফেনীতে অবরোধের মধ্যে হাতবোমা হামলায় আহত হন এক ম্যাজিস্ট্রেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের কোর্ট এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তকিনুর রহমানের বাসভবনের দিকে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গণপূর্ত বিভাগের অফিসার্স কোয়ার্টারে সপরিবারে থাকেন মুখ্য হাকিম মোস্তকিনুর। তিনি ওই সময় ঘরে ছিলেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে।

ফেনীতে অবরোধকারীদের হাতবোমা হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়াসহ দুজন আহতের ঘটনায় গাড়িচালক রিয়াদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

এই মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ফেনী মডেল থানার এসআই মো. জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

অবরোধের মধ্যে শুক্রবার রাতে গাড়িতে হাতবোমা হামলা হলে ম্যাজিস্ট্রেট কাদির মিয়া এবং ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমানের স্ত্রী সাঈদা আফরীন মুস্তারি আহত হন।

এই ঘটনার মামলায় ৩৫ জনকে আসামি করার কথা জানালেও তাদের নাম পুলিশ কর্মকর্তারা জানাতে রাজি হননি। তবে বিএনপি-জামায়াতের নেতাদের নাম আসামির তালিকায় রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।  

ফেনীতে শনিবারও পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যানে হাতবোমা ছোড়ে অবরোধকারীরা। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বাসসহ অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, শনিবার সকালে শহরের খাজুরিয়া এলাকায় অবরোধকারীরা পুলিশ বহনকারী পিকআপ ভ্যান লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। তবে হাতবোমাটি ভ্যানের সামনের অংশে পড়ে বিস্ফোরিত হওয়ায় কেউ হতাহত হননি।

প্রধানমন্ত্রীর নির্দেশ

ফেনীতে শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে অবরোধকারীদের হাতবোমা হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

শেখ হাসিনা আহত নির্বাহী হাকিমের চিকিৎসার খোজখবর নেন, দ্রুত আরোগ্য কামনা করেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।