২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতাল ছাত্রনেতা খুনের কোনো ‘ক্লু’ মেলেনি

রাজশাহীর তানোরে কেন্দ্রীয় সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের নেতা বাবুল হেমব্রমকে জবাই করে হত্যার ঘটনার কোনো কূল-কিনারা পাচ্ছে না পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

তবে পুলিশ ও নিহতের পরিবারের ধারণা, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার হত্যাকাণ্ডের পর বাবুলের বাবা মহেশ্বর হেমব্রম শুক্রবার রাতে তানোর থানায় একটি হত্যা মামলা করেছেন।

মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি বলে তানোর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। তার সঙ্গে কারও রাজনৈতিক, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ইতোমধ্যে বাবুলের ল্যাপটপ ও মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।

“শিগগিরই এই হত্যাকাণ্ডে কোনো ক্লু মিলবে,” আশা প্রকাশ করেন ওসি।

বুধবার গভীর রাতে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর আদিবাসী পল্লীতে নিজ ঘরে খুন হন সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী বাবুল।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ, সান্তাল স্টুডেন্ট ফোরাম শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

তানোর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে বাবুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সমর সরেন বলেন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে তাদের কর্মসূচি চলবে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়া হবে।