২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এখন ‘তৃষ্ণার্ত চাতক’

সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আন্দোলন জমাতে না পেরে বিএনপি এখন বিদেশের সমর্থন দেখাতে মিথ্যার আশ্রয় নিচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বিবৃতি ভুয়া বলে প্রমাণিত হওয়া এবং বিজেপি সভাপতির ফোন করা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে শনিবার সাংবাদিকদের একথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তার সমাধিতে ফুল দেওয়ার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “ভারতের ক্ষমতাসীন পার্টির সভাপতি অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেননি। যুক্তবাষ্ট্রের ৬ সিনেটর বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করার ঘটনাটিও সত্য নয়, তাদের স্বাক্ষর জাল করে এ ধরনের মিথ্যা বিবৃতি প্রচার করা হয়েছে।

“বিএনপি আসলে এখন তৃষ্ণার্ত চাতক পাখির মতো বিদেশের দিকে তাকিয়ে রয়েছে। কখন ইন্ডিয়া, ওয়াশিংটন তাদের পক্ষে কথা বলে।”

“তারা (বিএনপি) সব সময় ভারত ও আওয়ামী লীগকে এক করে দেখত। কিন্তু এখন তাদের ভারতপ্রীতি সৃষ্টি হয়েছে। ভারতের সমর্থন পেতেই তারা ভারতের পক্ষে কথা বলছে। তাদের সমর্থন পেতে মিথ্যা প্রচারও করছে।”

দশম সংসদ নির্বাচনের পর এখন নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধী ন জোটের চলমান অবরোধ কর্মসূচি ডাকার সমালোচনাও করেন ওবায়দুল কাদের।  

“আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে তারা ব্যর্থ হয়েছে। এখন অন্দোলনের নামে তারা নাশকতা, সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা হামলা, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে।”

অবরোধের মধ্যে পুলিশ পাহারায় যানবাহন চলাচলের ব্যবস্থা করতে সরকারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “অবরোধ অব্যাহত থাকলে বাংলাদেশের জনগণই সহিংসতা ও নাশকতাকে প্রতিহত করবে। অবরোধ চূড়ান্তভাবে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।”

টুঙ্গীপাড়ায় মধুমতি নদীর ওপর নির্মিত পাটগাতী শেখ লুৎফর রহমান সেতু চলতি মাসের শেষের দিকে খুলে দেওয়া হবে বলে জানান সড়কমন্ত্রী।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা থেকে আসা প্রতিরিধি দলে নেতৃত্ব দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।