কুমিল্লায় দুর্ঘটনা: গোধূলীর যাত্রাও বাতিল
কুমিল্লার নাঙ্গলকোটে শনিবার ভোরে দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এর আগে শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতীর যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে বিকাল ৪টা ২০ মিনিটে মহানগর গোধূলী চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসার কথা।
“কিন্তু চট্টগ্রাম থেকে আজ (শনিবার) সকালে মহানগর প্রভাতী ছেড়ে যায় নি। ওই ট্রেনটিই বিকালে ঢাকা থেকে গোধূলী হিসেবে ছেড়ে আসে। তাই সেটির যাত্রা বাতিল করতে হয়েছে।”
শুক্রবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী ট্রেনটিই শনিবার সকালে চট্টগ্রাম থেকে মহানগর প্রভাতী হয়ে ও শনিবার বিকালে ঢাকা থেকে আবার মহানগর গোধূলী হয়ে যাত্রা করার জন্য নির্ধারিত ছিল।
এর আগে শুক্রবার বিকালে ঢাকা থেকে ছাড়ার সময় নির্ধারিত থাকলেও ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়ে রাত ৮টা ১০ মিনিটে।
এরপর শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনায় পড়ে গোধূলী। এতে ট্রেনটির ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়।
উদ্ধার কাজ শেষে সকাল ১১টায় ট্রেনটি আমার চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
এদিকে চট্টগ্রাম থেকে মহানগর গোধূলী শনিবার বিকাল তিনটার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এর যাত্রা বিলম্বিত হয়েছে।
রেল কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, যে ট্রেনটি চট্টগ্রাম থেকে গোধূলী হিসেবে যাবে সেটা এখনো সীতাকুণ্ড এলাকায় আছে। রাত সাতটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী গোধূলী ছেড়ে যাবে।
