নাটোরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।
শুক্রবার রাতে বাগাতিপাড়া উপজেলার সোনাপুর কলাবাড়িয়া গ্রামের গোলজার আলীকে (৫৫) কুপিয়ে হত্যা করেন তার ছেলে সেন্টু আলী।
ঘটনার পর গ্রামবাসী সেন্টুকে ধরে পুলিশে দেয় বলে জানিয়েছেন বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে পারিবারিক বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে হাঁসুয়া দিয়ে কোপান সেন্টু। ঘটনাস্থলেই মারা যান গোলজার। এসময় গোলজারকে রক্ষা করতে গিয়ে হাঁসুয়ার আঘাতে আহত হন সেন্টুর সৎ মা নুরজাহান বেগম।
পরে আশপাশের লোকজন সেন্টুকে ধরে পুলিশকে খবর দিলে রাতেই সেন্টুকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে সেন্টুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আমিনুর।
