২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস কাউন্টারে হাতবোমা বিস্ফোরণ

বিএনপির ডাকা অবরোধের চতুর্থ দিনে চট্টগ্রাম নগরীতে একটি বাস কাউন্টারের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:10 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার রাতে গরিবুল্লাহ মাজার এলাকায় সৌদিয়া পরিবহনের কাউন্টারের সামনে এঘটনা ঘটে।

নগরীর খুলশী ‍থানার এসআই আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে ১০টার দিকে সৌদিয়া বাস কাউন্টারের ‍সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।

“ককটেল বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি; কোনো ক্ষতিও হয়নি।”

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে একই এলাকায় দাঁড়িয়ে থাকা কক্সবাজার রুটের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় বেশ কয়েকটি ঢাকাগামী বাসের কাউন্টার রয়েছে। নগরী থেকে ঢাকাগামী বাসের অধিকাংশ যাত্রী এসব কাউন্টার থেকেই টিকেট সংগ্রহ করেন এবং এখান থেকেই যাতায়াত করেন।

তবে গত ৬ জানুয়ারি অবরোধের প্রথম দিন থেকে এসব কাউন্টার থেকে বাস ছাড়ছে না।