২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

বগুড়ার ধুনট উপজেলায় অবরোধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 06:39 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শুক্রবার দুপুরে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

আহতদের মধ্যে তিন জন গুলিবিদ্ধ রয়েছেন বলে দাবি বিএনপির।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেন।

মিছিল শেষে সড়ক অবরোধ করে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে অবরোধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে ও শটগানের পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় অবরোধ সমর্থকরা পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে।

ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সমাবেশের চেষ্টা করছিল। সমাবেশের নামে রাস্তায় যানবহন চলাচল বন্ধ করার পরিকল্পনা নিয়েছিল।

তাই লাঠিপেটা করে ও শটগানের ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয় বলে তিনি জানান।

ওসি আরও জানান, সংঘর্ষে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, জাহাঙ্গীর হোসেন ও ফরিদুল ইসলাম আহত হয়েছেন।

ওসি জানান, সংঘর্ষের সময় সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনি আমিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুৎ, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি সেলিম আহমেদ, ছাত্রদল নেতা আলম হাসান ও কাপড় ব্যবসায়ী ঈশ্বরঘাট গ্রামের তৈয়বর আলীর ছেলে আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।

ধুনট উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। লাঠিপেটা এবং গুলিবিদ্ধ হয়ে প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

তাদের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয় বলেও তিনি জানান।

তিনি জানান, গুলিতে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুৎ ও ছাত্রদল নেতা রাজু আহমেদ আহত হন।

তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া ওই ঘটনায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালহা শামীম, বিএনপির রফিকুল ইসলাম, ছাত্রদলের জাহিদুল ইসলাম মধু, রঞ্জু, মিশু, শামীম, মৎস্যজীবী দল নেতা সেলিম আহমেদসহ অন্তত ২০ জন আহত হন বলে তিনি জানান।