রাজধানীতে রিকশায় বাসের ধাক্কায় প্রাণ গেল তিন জনের
বিএনপির অবরোধের মধ্যে রাজধানীর শাহজাদপুরে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকালে শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন- লিটন (৩০), বিল্লাল (২৮) ও তাহের উদ্দিন (৬০)। এদের মধ্যে লিটন ও বিল্লাল রিকশা চালক এবং তাহের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ‘সুপ্রভাত’ নামে একটি বাস দুটি রিকশাকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অপর দুজনকে মৃত ঘোষণা করা হয়।
ওসি বলেন, লিটন ও বিল্লাল ফাঁকা রিকশা নিয়ে যাওয়ার সময় বাসটি তাদের ধাক্কা দেয়। এরপর একটি রিকশা পাশ দিয়ে পথ চলতে থাকা তাহেরকে ধাক্কা দিলে তিনি আহত হন।
এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানালেও তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি ওসি।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকাল থেকে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অবরোধের মধ্যে দূরপাল্লার যান চলাচল ব্যাহত হলেও রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে স্বাভাবিক সময়ের মতোই গাড়ি চলছে।
