রাত পোহালেই বিশ্ব ইজতেমা শুরু
বিএনপির ডাকা অবরোধের মধ্যেই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দফা শুরু হচ্ছে শুক্রবার।
শুক্রবার বাদ ফজর আ'ম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ে যোগ দিতে দেশ-বিদেশের লাখো মুসল্লি এরই মধ্যে জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে।
বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন ৩১টি জেলার মুসল্লিরা।
এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্যায় শুরুর দিন শুক্রবার দুপুরে আদায় করা হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীমুখো বলে জানান তিনি।
১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়।
ইজতেমায় মুসল্লি বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে।
বিশ্ব ইজতেমার প্রস্তুতি সর্ম্পকে মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, ১৬০ একরের ময়দানজুড়ে চটের সামিয়ানা টানানো হয়েছে। সাধারণ মুসল্লিদের রান্না-বান্নার স্থায়ী ব্যবস্থা গ্রহণ সম্ভব না হলেও মাঠের পশ্চিম-উত্তর কোনায় টিন শেডের উন্নত আবাসনে বিদেশি মুসল্লীদের রান্নার জন্য গ্যাসসহ বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ এবং আধুনিক সুবিধা রয়েছে।
প্রথম দফায় যেসব জেলা
প্রথম পর্বের জন্য পুরো ময়দানকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে। এসবের মধ্যে ১-২নং খিত্তায়-গাজীপুর, ৩-১৩ নং খিত্তায় - ঢাকা জেলা, ১৪নং খিত্তায়-সিরাজগঞ্জ, ১৫ নং খিত্তায়- নরসিংদী, ১৬নং খিত্তায়- ফরিদপুর, ১৭ নং খিত্তায়- রাজবাড়ি, ১৮ নং খিত্তায়- শরিয়তপুর, ১৯ নং খিত্তায় - কিশোরগঞ্জ, ২০ নং- খিত্তায় নাটোর, ২১ নং খিত্তায়- রংপুর, ২২ নং খিত্তায়-শেরপুর, ২৩ নং খিত্তায়- রাজশাহী, ২৪ নং খিত্তায়- জয়পুরহাট, ২৫নং খিত্তায়- গাইবান্ধা, ২৬নং খিত্তায়- লালমনিরহাট, ২৭ নং খিত্তায়- হবিগঞ্জ, ২৮ নং খিত্তায়- দিনাজপুর, ২৯ নং খিত্তায়- সিলেট, ৩০ নং খিত্তায়- চাঁদপুর, ৩১ নং খিত্তায়-ফেনী, ৩২ নং খিত্তায়- চট্টগ্রাম, ৩৩ নং খিত্তায়- বান্দরবান, খাড়াছড়ি ও রাঙ্গামাটি, ৩৪নং খিত্তায়-বাগেরহাট, ৩৫নং খিত্তায় নড়াইল, ৩৬ নং খিত্তায়-চুয়াডাঙ্গা, ৩৭নং খিত্তায়- যশোর, ৩৮নং খিত্তায়- ভোলা, ৩৯ নং খিত্তায়-বরগুনা এবং ৪০নং খিত্তায়-ঝালকাঠি জেলার মুসুল্লীরা অবস্থান নেবেন।
