২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়াতে সাতকানিয়া গিয়ে গুলিতে নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 06:01 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

এনিয়ে গত ছয় দিনে দুই নারীসহ তিনজন হত্যাকাণ্ডের শিকার হলেন চট্টগ্রামের এই উপজেলাটিতে।

এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে বুধবার গভীর রাতে সর্বশেষ হত্যাকাণ্ডটি ঘটে। নিহত আনোয়ারা বেগম (৩৮) স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফেজ আহমেদের ছেলের শাশুড়ি।

হাফেজের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। এই হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

নিহত আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে। নাতিকে দেখতে তিনি কিছুদিন আগে মেয়ের শ্বশুর হাফেজের বাড়িতে যান।

থানার এসআই ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে হাফেজের বাড়িতে গুলি ছুড়লে কপালে গুলিবিদ্ধ হন আনোয়ারা।

গুলিবিদ্ধ আনোয়ারাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করলে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসে।

এসআই ওসমান বলেন, “বাড়ির যে রুমটিতে দুর্বৃত্তরা গুলি ছোড়ে, সেখানে আগে হাফেজ আহমেদ থাকতেন। ধারণা করছি, হাফেজ আহমেদকে লক্ষ্য করে গুলিটি ছোড়া হয়েছিল।”

সাতকানিয়া থানার এসআই মোহাম্মদ হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাফেজ আহমেদের সঙ্গে স্থানীয় কিছু লোকের বিরোধ ছিল। তার জের ধরে গুলি করা হতে পারে।

জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের কথা জানালেও তাদের নাম প্রকাশ করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

গত শুক্রবার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৩২) নামে এক যুবলীগকর্মী নিহত হন।

পরদিন শনিবার পূর্ব ঘটিয়া ডাঙ্গায় গুলতাজ বেগম (৩৫) নামে এক বিধবা মহিলাও নিহত হয় দুর্বত্তদের গুলিতে।