২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ-বিএনপি পাল্টাপাল্টি, তানোরে ১৪৪ ধারা

রাজশাহীর তানোর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টপাল্টি সমাবেশের ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তানোর থানার মোড় ও পাশের ডাকবাংলো মাঠসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশের উপর এ  নিষেধাজ্ঞা জারি করা হয়।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সকালে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সকাল ১০টায় তানোর ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইমরান আলী মোল্লা সমাবেশ ডাকেন।

এদিকে অবরোধের নামে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে একই সময় থানার মোড়ে বিক্ষোভ সমাবেশ ডেকেছেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভা মেয়র গোলাম রাব্বানী।

দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের কারণে সহিংসতার আশঙ্কায় উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।