স্যার ফ্রাঙ্ক পিটার্সকে সম্মাননা
বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজের পর স্কুল-মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে একাই লড়ে যাওয়া স্যার ফ্রাঙ্ক পিটার্সকে সম্মাননা জানানো হয়েছে।
বাংলাদেশের স্কুলগুলোয় শিক্ষার্থীদের দৈহিক শাস্তির বিরুদ্ধে পাঁচ বছর ধরে লড়াই করা পিটার্সকে সম্প্রতি বিশেষ সম্মাননাপত্র দেওয়া হয়।
বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর কর্মকর্তা-কর্মচারী সমিতির পক্ষ থেকে দেওয়া ওই সনদে সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসার স্বাক্ষর রয়েছে।
সম্মাননাপত্রে বলা হয়েছে, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ ও স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই।”
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব মুসা বলেন, “১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের পরিবারের সহায়তায় স্যার ফ্রাঙ্কের তহবিল গড়ে তোলার প্রচেষ্টা নথিপত্রে থাকলেও অজ্ঞাত কারণে তাকে কখনো সম্মান জানানো হয়নি।
“এছাড়া বাংলাদেশের স্কুলগুলোয় শিক্ষার্থীদের দৈহিক শাস্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্যও তাকে বিশেষভাবে সম্মানিত করা উচিত বলে আমরা মনে করেছি।”
অন্যদিকে স্যার ফ্রাঙ্ক পিটার্স তাকে সম্মান জানানোয় মোহাম্মদ মুসা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। তবে এই সম্মাননা তার একার নয় বলে মন্তব্য করেছেন তিনি।
শিক্ষার্থীদের নির্যাতন বন্ধের সংগ্রাম নিয়ে স্যার ফ্রাঙ্ক পিটার্স বলেন, “প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের সহায়তা ছাড়া আমার কর্মকাণ্ড আলোর মুখ দেখত না।
“এছাড়া এজন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসেরও প্রশংসিত হওয়ার দাবি রাখেন। তবে সর্বোচ্চ প্রশংসা পাওয়ার যোগ্য বিচারপতি ইমান আলী ও শেখ হাসান আরিফ, যারা ২০১১ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের স্কুল ও মাদ্রাসায় দৈহিক শাস্তির বিষয়টিকে এক ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।”
আইনের প্রতি শ্রদ্ধাশীল স্কুলের প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকরাও এজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।
