প্যারিস হত্যাকাণ্ডের নিন্দায় প্রধানমন্ত্রী
প্যারিসে একটি বিদ্রুপ ম্যাগাজিনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা হতাহতের ঘটনায় শোক এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।
এ ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে শেখ হাসিনা ওই বার্তায় বলেন, সভ্য সমাজে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই।
বুধবার প্যারিসে শার্লি এবদু নামের ওই ম্যাগাজিনের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে বন্দুকধারীরা। নিহতদের মধ্যে পত্রিকাটির সম্পাদক ও চারজন কার্টুনিস্ট ছাড়াও দুই পুলিশ সদস্য রয়েছেন।
