‘স্বাভাবিক’ চট্টগ্রামের জনজীবন
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের তৃতীয় দিন চট্টগ্রামে জনজীবন অনেকটা স্বাভাবিক রয়েছে। অবরোধের কোন ধরনের প্রভাব নেই নগরীতে।
চট্টগ্রাম থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল কম থাকলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক আছে।
বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দলীয় কার্যালয়ে সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও গত দুই দিনের মতো বৃহস্পতিবারও কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি সেখানে।
নগরী ও জেলার কোথাও অবরোধের সমর্থনে কোনো ধরনের তৎপরতার খবর পাওয়া যায়নি।
নগরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও কোথাও কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
মহাসড়ক পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পুলিশ পাহারায় যান চলাচল করলেও সকালে পণ্যবাহী যান চলাচল বাড়তে শুরু করেছে।
তবে যাত্রীবাহী বাস চলাচল কম বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জাকির বলেন, আগের দুইদিনের মতো বুধবার রাতেও পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে পুলিশ পাহারা ছিল। তবে সকাল থেকে পুলিশ পাহারা ছাড়াই যান চলাচল করছে।
এদিকে গত দুই দিনের তুলনায় বৃহস্পতিবার মহাসড়কে যান চলাচল বেড়েছে বলেও জানান মহাসড়ক পুলিশের এই কর্মকর্তা।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও যাত্রীবাহী বড় যানবাহন চলাচল কম থাকলেও ছোট ও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক বলে জানান মহাসড়ক পুলিশের দোহাজারি ফাঁড়ির পরিদর্শক এ কে এম কাউছার চৌধুরী।
তবে এই রুটে স্বল্প সংখ্যক যাত্রীবাহী বাস চলাচল করছে বলে জানান তিনি।
এছাড়া চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও স্বাভাবিক আছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল থেকে সিলেট ছাড়া বিভিন্ন রুটের ট্রেনগুলো ঠিক সময়ে চট্টগ্রাম এসে পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে।
রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর ৫টা ৪০ মিনিট থেকে এই ফের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।
এছাড়া রেল পথে কোন ধরনের বিশৃঙ্খলা নেই বলে জানান ওসি হিমাংশু।
