গোপালগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে উলপুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. আজিজুল রহমান জানান।
নিহত লুৎফর রহমান লিটু (৪৫) একই উপজেলার হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
লুৎফর সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
এসআই আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত লুৎফর রাতের বেলা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ সময় কোনো দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।”
পরে স্থানীয়রা দেখতে পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লুৎফরের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
