২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রগ কেটে উপড়ানো হলো চোখ

স্থানীয় বিরোধের জেরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক যুবলীগ নেতার দুই পায়ের রগ কেটে দুচোখ উপড়ে নিয়েছে প্রতিপক্ষ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মহাড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. নুরুল আবছার (৩২) ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি  বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

জেলা যুবলীগ সদস্য জাফর আলম আহত নুরুল আবছারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

আবছারের বাবা মোহাম্মদ হোসেন বলেন, “পূর্ব বিরোধের জের ধরে বড় মহেশখালীর ইউপি চেয়ারম্যান শরীফ বাদশার ছেলে আব্দুল্লাহ আল নিশানের নেতৃত্বে একদল চিহ্নিত দুর্বৃত্ত হামলা চালিয়ে নুরুল আবছারের দুপায়ের রগ কেটে দুচোখ উপড়ে নিয়েছে।”

পরে তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে থেকে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক ) হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।