২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

নোয়াখালীর চৌমুহনীতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবদলকর্মী নিহত হয়েছেন, আহত হন পুলিশসহ দুপক্ষের অন্তত ২০ জন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার বিকালে এ সংঘর্ষ চলাকালে ছয়টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়।

নিহত রুবেল যুবদলকর্মী বলে জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদ উদ্দিন জানান, গুলিবিদ্ধ রুবেলকে তারা মৃত অবস্থায় পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে চৌমুহনীতে মিছিল বের করেন।

মিছিলটি রেল গেইটে পুলিশের বাধার মুখে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক জানান, সংঘর্ষ চলাকালে অবরোধ সমর্থকরা ছয়টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।

পরে অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, সংঘর্ষে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন, চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিসান আহম্মদ, চৌমুহনীর টিএসআই সাইফুল সিকদারসহ অন্তত ২০ জন আহত হন।

এরমধ্যে পাঁচজন গুলিবিদ্ধ রয়েছেন বলে জানান তিনি।