২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীই মেটালেন হাসপাতালের বিল

গোপনে চলে যাওয়া নিয়ে পুলিশের কাছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর বিএনপি নেতা রুহুল কবির রিজভী চিকিৎসার বিল পাঠিয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

অ্যাপোলো কর্তৃপক্ষ বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিএনপি যুগ্মমহাসচিবের চিকিৎসার খরচ পাওয়ার কথা জানিয়েছেন।

বিল পাওয়ার কথা জানালেও ওই অর্থের পরিমাণ কত হয়েছিল, তা জানাতে রাজি হননি এই হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম।

তিনি বলেন, “বেলা দেড়টার দিকে উনার (রিজভী) একজন প্রতিনিধি এসে হাসপাতালের সকল পাওনা দিয়ে চলে গেছেন। উনার কাছে আর কোনো পাওনা নেই।”

রিজভী বিল মেটানোর তিন ঘণ্টা আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে অ্যাপোলো কর্তৃপক্ষ। তাতে বলা হয়, ভোররাতে বিএনপি নেতা কাউকে না জানিয়ে চুপিসারে বেরিয়ে যান।

হাসপাতাল থেকে বের হওয়ার পর রিজভী বিকালে গুলশানের একটি বাড়িতে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ডাকে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সাংবাদিকদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেই অজ্ঞাত স্থানে চলে যান তিনি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত রিজভীকে গত শনিবার রাতে পুলিশ তুলে হাসপাতালে ভর্তি করেছিল।

৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনার মধ্যে রিজভীকে বের করে বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এছাড়া তখন থেকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পুরনো খবর:

গভীর রাতে চুপিসারে হাসপাতাল ছাড়লেন রিজভী
রিজভীর বিল নিয়ে থানায় অ্যাপোলো কর্তৃপক্ষ
স্যার আপনি অসুস্থ, হাসপাতালে চলেন: রিজভীকে পুলিশ