গভীর রাতে চুপিসারে হাসপাতাল ছাড়লেন রিজভী
গভীর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল ছেড়ে গেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, তিন দিন আগে যাকে দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ।
বিএনপির এই যুগ্ম মহাসচিবের সহকারী মজিদ বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার রাত ৩টার দিকে অ্যাপোলো হাসপাতাল থেকে চলে এসেছেন। তিনি নিরাপদে আছেন, ভালো আছেন।”
রিজভীর কয়েক ঘনিষ্ঠ জনের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের গভীর রাতে হাসপাতালের কেবিনের দরজার বাইরে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য ঘুমিয়ে থাকার ফাঁকে বেরিয়ে যান রিজভী।
এ বিষয়ে ওই হাসপাতাল এলাকার ভাটারা থানার ওসি সারওয়ার হোসেন বলেন, “রিজভী সাহেব অসুস্থ ছিলেন। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
“সেখানে আমাদের কোনো পাহারা ছিল না। আমরা শুনেছি, হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে উনি চলে গেছেন।”
ফাইল ছবি
রিজভী এখন কোথায় আছেন, তা জানা যায়নি। তার শ্যামলীর বাসায় যোগাযোগ করা হলে তারা বলেছেন, তিনি হাসপাতালে আছেন।
বিএনপির ৫ জানুয়ারির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত শনিবার রাত ১২টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘অসুস্থ’ রিজভীকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম জানান, গ্যাস্ট্রোএন্টেরোলজির অধ্যাপক মজিবুর রহমানের তত্ত্বাবধানে হাসপাতালের দশম তলার ১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন রিজভী।
এরপর থেকে সহকারীর মোবাইলের মাধ্যমে সাংবাদিকদের কাছে দলীয় বিবৃতি ও বক্তব্য পাঠাচ্ছিলেন রিজভী।
নয়া পল্টনের কার্যালয়ে গত শনিবার রাত ১১টার দিকে রিজভী ‘অসুস্থ’ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোলজি বিভাগের একজন অধ্যাপককে ডেকে আনা হয়। তিনি স্যালাইন লাগিয়ে যাওয়ার পরপরই সেখানে যায় পুলিশ।
