২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২ কাউন্সিলর গ্রেপ্তার

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত দুই কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে ঢাকা নগরীর মৎস্য ভবন এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটির করপোরেশনের ওই দুই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল হান্নান সরকার সিটি করপোরশনের ২১ নম্বর এবং সুলতান আহম্মেদ ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর।

গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক ক্যামেরাম্যান ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

এ সময় পুলিশের একটি টেম্পোতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওইদিনই ১৩ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় বন্দর থানার এসআই সাধন চন্দ্র বসাক বাদী হয়ে দ্রুত বিচার আইনসহ পৃথক আইনে দুটি মামলা দায়ের করেন।

দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গ্রেপ্তার দুই কাউন্সিলর এবং বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমাস মুকুলসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়।

এ মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।