২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে একজনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত চারজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 03:55 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

২০ দলের অবরোধকারীদের ছোড়া ঢিলে অটোরিকশাটি উল্টে যায় বলে এর চালক দাবি করলেও আহত এক আরোহী বলছেন, একটি রিকশাভ্যানের সঙ্গে সংঘর্ষে সেটি উল্টে গেছে।

নিহত ইসমাইল হোসেন (৫৫) শাহজাদপুর উপজেলার যুগ্নীদহ গ্রামের মৃত মনছের ফকিরের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার এসআই আব্দুল জলিল জানান, বুধবার ভোরে উপজেলার বাকুয়া এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অটোরিকশা চালক শিখন আলী ও আহেদ আলীর পরিচয় জানা গেছে। দিনাজপুরের বাসিন্দা আহেদ নিহত ইসমাইলের ব্যবসায়ী বন্ধু ছিলেন।

আহত বাকিদের নাম পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিখন আলী দাবি করেন, সকাল সাড়ে ৬টার দিকে উল্লাপাড়ার হাটিকুমরুল মোড় থেকে পাঁচজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে বাকুয়া এলাকায় দুই অবরোধকারী মহাসড়কের ঢালু থেকে উঠে এসে অটোরিকশা লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে।

এ সময় মাথায় ঢিল লেগে ইসমাইল গুরুতর আহত হন এবং তিনি নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি মহাসড়কের পাশে উল্টে যায়।

তিনিসহ অন্য আরোহীরাও কমবেশি আহত হন বলে দাবি চালক শিখন আলীর।

তবে আহেদ আলী বলছেন, সেখানে ঢিল ছোড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। একটি রিকশাভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ইসমাইলকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এসআই আব্দুল জলিল বলেন, “বিষয়টি নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। লাশের ময়নাতদন্ত ও ঘটনার বিষয়ে তদন্ত ছাড়া প্রকৃত ঘটনা বলা যাচ্ছে না।”