গাইবান্ধায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহত আবু সাঈদ মিয়া (৩০) বেতকাপা ইউনিয়নের নান্দিশহর গ্রামের ছাদেক আলীর ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নান্দিশহর গ্রামে এ সংর্ঘষ হয়।
আহতদের মধ্যে মোখলেছুর রহমান (৪০), বাচ্চু মিয়া (৪৮), চাঁন মিয়া (৪৫), লাল মিয়া (৫০), ওসমান আলী (৩০), হারুনুর রশীদ (৩২), আব্দুল গফুর মিয়া (৫০) ও খালেক মিয়াকে (৪৭) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মোখলেছুর রহমানের অবস্থা আংশকাজনক। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকাভাবে জানা যায়নি।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি মজিবুর জানান, নান্দিশহর গ্রামে একটি বিলের ৩১ একর জমি নিয়ে গ্রামের '৪০ ঘর' এবং 'আটঘর' নামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে।
বুধবার সকালে স্থানীয় শাহজাহান মিয়া, এমদাদুল হক ও হারুনুর রশীদের নেতৃত্বে আটঘর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিলের জমি দখল করতে যায়। খবর পেয়ে ৪০ ঘর পক্ষের লোকজন তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের মধ্যে ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ মিয়া।
পলাশবাড়ীর ওসি জানান, পরিস্থিতি আপাতত শান্ত। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
