মিরসরাইয়ে ট্রাকচাপায় নিহত ১
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের নিচে পড়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ সময় মোটর সাইকেলের পেছনে থাকা আরও দুই যানও দুর্ঘটনায় পড়ে আহত হন অন্তত পাঁচজন।
বুধবার সকালে উপজেলার সদরে এ ঘটনায় নিহত ইসমাইল হোসেন (৪২) পূর্ব মিরসরাইয়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরসরাই থানার এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল ও তার পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশা ও ভটভটিকে চাপা দেয়।
“ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ইসমাইল ঘটনাস্থলে মারা যান।”
তিনি জানান, আহতরা সিএনজি অটোরিকশার যাত্রী । আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।
এদিকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই শফিকুল।
