২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিক-মিন্টু-আমান ও ১০ আইনজীবীর জামিন

উচ্চ আদালত প্রাঙ্গণে ৫ জানুয়ারির সংঘর্ষ ও বিচারকের গাড়ি ভাংচুরের ঘটনায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়াসহ ১০ আইনজীবী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 01:55 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ বুধবার তাদের সবাইকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করে।

জামিন পাওয়া বাকি আটজন হলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ফাহিমা নাসরিন মুন্নী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরিফ ইউ আহমেদ, ঢাকা কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লিপি আক্তার, জীবন, সালাম তালুকদার, ইকবাল, আব্দুর রহিম ও এসএম জহিরুল ইসলাম।

তারা সবাই ‘হত্যাচেষ্টা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার’ অভিযোগে শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলার আসামি।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। এরই মধ্যে বিএনপি সমর্থক আইনজীবীরা কালো পতাকা নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল বের করেন।

এ সময় পুলিশ আদালতের গেইট লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে মিছিল থেকে হামলায় মোস্তাফিজুর রহমান নামের এক কনস্টেবল আহত হন। এছাড়া ঢিলের আঘাতে এক বিচারকের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ওই ঘটনায় বিএনপি সমর্থক আড়াইশ নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ।

এদিকে দুটি মোটর সাইকেলে আগুন দেওয়ার উস্কানি ও প্ররোচনার অভিযোগে পল্টন থানার দুটি মামলায় জামিন নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

এই দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমানও জামিন পেয়েছেন। এছাড়া গত ৫ ডিসেম্বর দায়ের করা গাড়ি ভাংচুরের অপর দুই মামলায়ও জামিন পেয়েছেন মিন্টু।

বিএনপির নেতা-সমর্থকদের জামিনের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।