খালেদার সময়ের আবেদন নাকচ, সাক্ষ্যগ্রহণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন নাকচ করে তার অনুপস্থিতিতেই দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য শুনেছে আদালত।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যেই বুধবার ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলে।
খালেদার আইনজীবীরা সময়ের আবেদনের বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেও বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করে এতিমখানা দুর্নীতি মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের অসমাপ্ত সাক্ষ্য চালিয়ে যেতে বলেন।
বুধবারও তার জবানবন্দি উপস্থাপন শেষ না হওয়ায় ১৫ জানুয়ারি সাক্ষ্য শোনার পরবর্তী দিন রেখে আদালত মুলতবি করা হয়।
বুধবার সকালে এজলাস বসার পর খালেদার পক্ষে সাক্ষ্য পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহসিন মিয়া।
তারা বলেন, খালেদা জিয়াকে গত ৩ জানুয়ারি থেকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাছাড়া তিনি অসুস্থ।
এ কারণে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে আসা সম্ভব ছিল না উল্লেখ করে তারা সময় চান।
এ দুই মামলায় খালেদা জিয়ার প্রধান তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার বিষয়টি তুলে ধরে মাসুদ তালুকদার আদালতকে বলেন, তারা যাতে শুনানিতে আসতে না পারেন সেজন্যই সরকার তাদের মামলায় জড়িয়েছে।
অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “খালেদা জিয়া ইচ্ছা করলেই আসতে পারতেন, তার আইনজীবীরা অজুহাত দিচ্ছেন।”
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন নাকচ করে বুধবারের জন্য খালেদাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন এবং তার অনুপস্থিতিতেই সাক্ষ্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সময়ের আবেদনটি পুনর্বিবেচার আবেদন করা হলে বিচারক তাও নাকচ করে দেন বলে খালেদার অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান।
শুনানি শেষে মোশাররফ হোসেন কাজল বলেন, “আগামী ১৫ জানুয়ারি বাদী তার অবশিষ্ট সাক্ষ্য দেবেন। ওইদিন তিনি বক্তব্য শেষ করতে পারবেন বলে আশা করছি।”
সর্বশেষ গত ২৪ ডিসেম্বর খালেদা এ দুই মামলায় আদালতে হাজির হন। ওইদিন তার হাজিরাকে ঘিরে ওই এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এ আদালতের নতুন বিচারক আবু আহমেদ জমাদার ওইদিনই প্রথম এ মামলার বিচারে বসেন।
দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি, টিয়ার শেল ও লাঠিপেটার মধ্যেই আদালতে উপস্থিত হয়ে খালেদা সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে শুনানি ৭ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন।
খালেদার আইনজীবীদের একের পর এক আবেদনের মধ্যে মামলার বাদী ও প্রধান সাক্ষী হারুন-অর-রশীদ এর আগের চারটি ধার্য তারিখেও সাক্ষ্য শেষ করতে পারেননি।
গতবছর ২২ সেপ্টেম্বর বিএনপি সমর্থক আইনজীবীদের হট্টগোলের মধ্যে খালেদার অনুপস্থিতিতেই এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন তিনি।
গতবছর ১৯ মার্চ এ দুটি মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচার শুরু করেন এ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।
জিয়া এতিমখানা ট্রাস্টের নামে অর্থ আত্মসাতের মামলায় খালেদার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আসামি।
মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এবং জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান এই মামলার আসামি।
সালিমুল ও শরফুদ্দিন জামিনে রয়েছেন। কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করে দুদক।
দুদকের সহকারী পরিচালক হারুন এই মামলায় খালেদা, তারেকসহ ছয় আসামির বিরুদ্ধে ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খালেদাসহ চারজনের বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলারও বাদী হারুন-অর-রশিদ। এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু হতেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
