হরতাল ডাকার পর লালমনিরহাটে আটক ১৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবিতে রংপুর বিভাগে হরতালের ডাক দেওয়ার পর লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ১৫ জনকে আটক করেছে পুলিশ।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আদিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন সময় সহিংসতার মামলার আসামি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তারের পর লালমনিরহাটসহ রংপুর বিভাগের সব জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
সন্ধ্যায়ং এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি।
হরতালের সকালে লালমনিরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল না করলেও স্বাভাবিক সূচিতে ট্রেন চলছে। অভ্যন্তরীণ বাহনগুলো তুলনামূলক কম চলাচল করছে।
জেলার মহেন্দ্রনগর, সাপ্টিবাড়ি ও তুষভাণ্ডারে হরতালের সমর্থনে নেতাকর্মীরা মিছিল করেছে।
এদিকে হরতাল ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলে পুলিশ কর্মকর্তা আদিবুল জানিয়েছেন।
৫ জানুয়ারি দশম সংষধ নির্বাচনের বছরপূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এদিন পূর্ব ঘোষিত সমাবেশ করতে না পেরে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
অবরোধের প্রথম দিন বিকালে দলের মুখপাত্র মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
তার মুক্তি দাবিতে বিকাল থেকেই এই বিএনপি নেতার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে হরতাল শুরু হয়। পরে রংপুর বিভাগের আট জেলায় বুধবার হরতাল ডাকা হয়।
