জবিসাস সভাপতির কাছে ক্ষমা চাইল হামলাকারীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেনের কাছে ক্ষমা চেয়েছে হামলাকারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসিম রেজা, প্রথম আলোর প্রতিনিধি মুসা আহমেদ, সমকালের প্রতিনিধি আল আমিন, নয়া দিগন্তের প্রতিনিধি সুজাউল ইসলাম বাবু দোষ স্বীকার করে মঙ্গলবার মোবারক হোসেনের কাছে ক্ষমা চান।
২০১৪ সালের ২৪ অগাস্ট সাংবাদিক সমিতির কার্যালয়ে মোবারক হোসেনসহ কয়েকজনের ওপর হামলার ঘটনায় এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসে।
ওই হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশের মনিরুজ্জামান তুফান, সকালের খবরের তানভীর রায়হান আহত হন।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, “আমি নিজে দেখেছি মোবারকের মাথায় ও ঠোঁটে অনেক সেলাই লেগেছে। তুফানের অবস্থা আরও সিরিয়াস ছিল।”
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক লুৎফর রহমান বলেন, “আমরা উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছি। মোবারক হোসেনসহ অন্যান্যরা যে হামলার শিকার হয়েছেন, তাতে তারা যৌক্তিকভাবেই এ ঘটনার বিচার চেয়েছে। এটার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু যেহেতু তারা শিক্ষার্থী ও সাংবাদিক, তাই এ সমঝোতা বৈঠক।”
জসিম, মুসা, আল আমিন ও সুজা ক্ষমা চাইলেও আহত সাংবাদিকরা এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর শাস্তির দাবি জানান।
তখন উপাচার্য বলেন, “যা ঘটেছে তা তো দৃশ্যমান সত্য। চাইলে তাদের বহিষ্কার কিংবা জরিমানা করা যেতে পারে। কিন্তু হামলাকারীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়। তাদের বিরুদ্ধে কী করব আমরা?”
তখন আহত সাংবাদিকরা ক্ষমা করে বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলেন। দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দুটি প্রত্যাহারের অঙ্গীকার করে।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোবারক হোসেনের নেতৃত্বে আগামী তিন মাসের মধ্যে সাংবাদিক সমিতির নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দেয়।
