ইজতেমায় আসা মুসল্লির মৃত্যু
তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় এসে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত মিয়ার উদ্দিন (৭০) কুড়িগ্রামের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ গ্রামের প্রয়াত রুহুল আমীনের ছেলে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।
বিশ্ব ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মো. আদম আলী জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বাদ ফজর জানাজা শেষে ময়দানের পশ্চিম-উত্তর কোণে নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হয় বলে জানান তিনি।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, মিয়ার উদ্দিন উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে টঙ্গী হাসপাতালে আনা হয়। এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
