শেলা নদীতে চলাচলের দাবিতে ধর্মঘটের হুমকি
দুর্ঘটনায় তেল দূষণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সুন্দরবনের শেলা নদী পথে চলাচল পুনরায় শুরুর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে নৌযান শ্রমিকরা।
তা না হলে আগামী ৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর হুমকি দিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।
গত মাসে শেলা নদীতে একটি অয়েল ট্যাংকার ডুবে সাড়ে ৩ লাখ টন ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দিয়ে নৌচলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধ্য দিয়ে বাণিজ্যিক নৌচলাচল পুরোপুরি বন্ধে জাতিসংঘ ও পরিবেশবিদদের দাবির মধ্যেই নৌযান শ্রমিকরা ধর্মঘটের হুমকি দিল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন,
২৪ ঘণ্টার মধ্যে শেলা নদী দিয়ে সুনিয়ন্ত্রিতভাবে নৌ চলাচলের ব্যবস্থা না করলে আগামী ৭ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে পণ্যবাহী সব নৌযানের শ্রমিকরা অবিরাম কর্মবিরতি পালন শুরু করবে।
দুর্ঘটনার পর আপাতত বন্ধ থাকলেও মংলা বন্দরকে সচল রাখার স্বার্থে এই রুটটি স্থায়ীভাবে বন্ধের বিরোধিতা করছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
নৌযান শ্রমিক নেতা আশিকুল বলেন, গত ২৬ দিনেরও বেশি সময় ধরে শেলা নদী পথ বন্ধ থাকায় পাঁচ-ছয়শ’ পণ্য ও তৈলবাহী জাহাজ আটকে আছে।
“নৌযান শ্রমিকরা খাবার পানি ও গোসলের পানি, খাবার এবং চিকিৎসার সঙ্কটে মানবেতর দিনযাপন করছে। মালিকরাও ঠিকমতো বেতন/ভাতা দিচ্ছে না, জাহাজ থেকে উঠতে-নামতেও পারছে না।”
নৌযান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশের আর্থিক-বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন নৌশ্রমিক নেতা।
“এই নৌ রুট বন্ধ হলে মংলা বন্দর সচল রাখা আদৌ সম্ভব হবে না, এক হাজারের বেশি বিভিন্ন ধরনের জাহাজ স্ক্রাপ করে ফেলতে হবে। লক্ষ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়বে।”
এতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে গড়ে ওঠা অনেক শিল্প বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন আশিকুল।
তিনি বলেন, “চট্টগ্রাম ও মংলা বন্দরে খালাসের অপেক্ষায় আছে সাতটি সমুদ্রগামী নৌযান যার পণ্যের পরিমাণ প্রায় ৩০ হাজার মেট্রিক টন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় লোড ও আনলোডের অপেক্ষায় আছে খাদ্যসামগ্রী, পাথরসহ সিমেন্ট বহণকারী অনেক জাহাজ। এ অবস্থায় দ্রুত মাল বহনের ব্যবস্থা না করলে অনেক ক্ষতি হওয়ার সম্ভবনা আছে।
এই দুর্ঘটনার পর থেকে বন্ধ শেলা নদীতে নৌচলাচল
শেলা নদীতে ট্যাংকারডুবির পর তাৎক্ষণিকভাবে তেল তোলা শুরু করলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা যেত বলে মনে করেন আশিকুল।
“জাহাজডুবির দুই দিন পরও প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সতর্ক থাকলে এই দুর্ঘটনা অবশ্যই এড়ানো যেত। এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজের কনডিশন এবং ফার্নেস ওয়েল বহনে সমীচীন হয়েছে কি না, তা নির্ণয় করা দরকার ছিল।”
নৌপথ বন্ধ না করে বরং দুর্ঘটনা এবং তাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন আশিকুল।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি জেন্নাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতারা।
