বিশ্ব ইজতেমা: চলছে শেষ প্রস্তুতি
তিন দিন পর টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলীগ জামাতের মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। হজের পর মুসলমানদের বৃহত্তম সমাবেশ এটি।
আয়োজকরা জানান, ময়দানের সকল প্রস্তুতি বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে। ইতোমধ্যে ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার রাতেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করবেন।
দুই পর্বের আয়োজনের প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার (৯ জানুয়ারি)। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ১১ই জানুয়ারি।
দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি শুরু হয়ে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৮ জানুয়ারি।
তাবলীগ জামাতের উদ্যোগে প্রতিবছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগ নদীর তীরে। ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলীগ জামাতের অনুসারী মুসলমানরা অংশ নেন।
তারা এখানে তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতী কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য একত্রিত হয়ে বেরিয়ে পড়েন।
সরেজমিনে সোববার দুপুরে মাঠে গিয়ে দেখা যায়, সবাই এখন শেষ পর্যায়ের প্রস্তুতির ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্যান্ডেলের চট সেলাই, চট খুঁটির ওপর টানানো, খুঁটি পোঁতা, মাঠ পরিষ্কার, বিদ্যুতের তার সংযোগ, খিত্তার নম্বর লিখার কাজ হচ্ছে।
মুসুল্লিদের কাতারবদ্ধ হওয়ার জন্যে পুরো মাঠে দাগ কাটা শেষ হলেও খুঁটিতে নম্বর দেওয়া, বিদ্যুতের লাইন সংযোগসহ ইজতেমা ময়দানের শেষ পর্যায়ের বিভিন্ন কাজ চলছে।
ইজতেমার মাঠের প্রস্তুতির কাজ তদারকীর দায়িত্বে থাকা তাবলীগের মুরুব্বী গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সব কাজ করা হচ্ছে মোশাআরার (পরামর্শ) মাধ্যমে। রোববার বিকালের মধ্যে প্রায় ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে।
তিনি জানান, বাংলাদেশের বাইরে থেকে মুসল্লিদের সংখ্যা এবার বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। গত বছর প্রায় প্রায় ১৭ হাজার বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছিলেন। এবার তা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
তাদের থাকার জন্য ইজতেমা মাঠের উত্তর-পশ্চিম পাশে টিন-চট দিয়ে বিশেষ কামরা তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। বিদেশি আবাসনের পশ্চিমে তুরাগতীরে তাদের রান্নার চুলা ও রন্ধনশালা নির্মাণের কাজও প্রায় শেষ হয়েছে।
মুসুল্লীদের তুরাগ নদী পারাপারের জন্য নদীর ৭টি স্থানে ভাসমান সেতু স্থাপন করার সরঞ্জাম ইতোমধ্যে চলে এসেছে। সেনাবাহিনীর প্রকৌশল ব্রিগেড ওই ব্রিজ স্থাপনের কাজ প্রায় সম্পন্ন করছে। প্রয়োজনের সময় মুসল্লিদের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া হবে।
তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চরের ব্যবস্থাপক মো. আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তাদের চারজন প্রকৌশলীসহ ১৩ জনের দল ইজতেমা ময়দানে বিদশি মেহমানদের রন্ধনশালায় গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।
এছাড়াও বহুতল পাকা দালানে চার হাজারের বেশি টয়লেট ইউনিট রয়েছে। এর মধ্যে নষ্ট ও ক্ষতিগ্রস্ত অজু গোসলখানা এবং টয়লেটগুলো ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। এছাড়া মশক নিধনে ২০টি ফগার মেশিন থাকবে।
ডেসকোর টঙ্গীর (পূর্ব) নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সকল প্রস্তুতি রয়েছে। উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিডকে মূল ১৩২ কেভি সোর্স হিসেবে নির্বাচন করা হবে, যাতে যে কোনো একটি গ্রিড অকেজো হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়।
ইজতেমা এলাকায় ৪টি জেনারেটর এবং ৫টি ট্রলি-মাউন্টেড ট্রান্সফরমার তৈরি রাখা হবে। এছাড়া ৫টি অস্থায়ী বিদ্যুৎ ক্যাম্প নির্মাণ করা হবে। এতে প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
জঙ্গি ও ইবোলা ঠেকাতে কড়াকড়ি
জঙ্গি ও ইবোলা ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন।
শনিবার দুপুরে তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভায় এ তথ্য জানান।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিশ্বের ৫টি দেশে ইবোলা ভাইরাসের প্রকোপ থাকায় ওইসব দেশের মুসল্লিদের বলা হয়েছে বাংলাদেশে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসলে ‘ইবোলা ভাইরাস ফ্রি’ সার্টিফিকেট নিতে হবে।
এছাড়া যতগুলো স্থলবন্দর আছে সেখানেও অন-এরাইভাল ভিসা দেওয়ার ব্যাপারে কমিটি করা হয়েছে। সেখানে তারা পরীক্ষা-নিরীক্ষা করে ভিসা দেবেন।
যাতে কোনো জঙ্গি বা ইবোলা ভাইরাসবাহী মুসল্লি ঢুকতে না পারে সেদিকে কড়া নজরদারি রাখা হবে বলে জানান সচিব মোস্তফা কামাল।
তিনি বলেন, বিদেশি মুসল্লিদের সাধারণত ৪৫ দিনের ভিসা দেওয়া হয়। আর যারা তিন চিল্লায় আসবেন তাদের দেওয়া হবে ১৩০ দিনের ভিসা। তবে এ সবই হবে তাবলীগের মার্কাজের মুরব্বিদের সুপারিশ অনুযায়ী।
আইনশৃঙ্খলা
ওই সভায় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ইজতেমার নিরাপত্তায় পাঁচ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাদা পোশাকে পুলিশ থাকবে, টহল পুলিশ থাকবে, ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হবে, র্যাবের পাশাপাশি পুলিশেরও স্ট্রাইকিং ফোর্সও থাকবে।
সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি সেন্ট্রাল কন্ট্রোল রুমের অধীনে পাঁচটি সাব কন্ট্রোল রুম থাকবে। দুর্ঘটনা ও ভিআইপি বহনের জন্য ৩টি হলিপ্যাড থাকবে।
ইজতেমার নিরাপত্তায় ১০ হাজারের মতো পুলিশ দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।
মিডিয়া সেন্টারে ফ্রি ওয়াইফাই
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ একই সভায় জানান, সংবাদ সংগ্রহে আসা সংবাদকর্মীদের জন্য একটি মিডিয়া সেন্টার ও সেখানে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের (ফ্রি ওয়াইফাই জোন) ব্যবস্থা করা হবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, ইজতেমাস্থলে তাদের একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হবে। যেখানে সার্বক্ষনিক কর্মকর্তাসহ ফায়ারম্যানরা থাকবেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান জানান, তাদের সকল প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিক্যাল অফিসারদের তালিকা ও ডিউটি রোস্টার করা হচ্ছে। মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মন্নু গেইট, এটলাস গেইট, বাটা কারাখানার গেইট ও টঙ্গী হাসপাতালমাঠসহ ৬টি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।
রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য সার্বক্ষণিক ১৪টি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। আশপাশের খাবারের দোকানে ও ইজতেমাস্থল এলাকায় বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
বিআরটিসির পরিচালক কর্নেল মো. আব্দুল্লাহিল করিম জানান, মুসল্লিদের যাতায়াতের জন্য বিভিন্ন স্টেশন থেকে ৩০০টি বাস চলাচল করবে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিদেশি মেহমানদের যাতায়তের জন্য ৬টি এসি বাসও থাকবে।
