২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভির সম্প্রচার বন্ধের নির্দেশ নেই: মন্ত্রী

একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচার বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:34 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সোমবার গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যে অভিযোগ করেন, সরকার একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

সোমবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় এই টেলিভিশনের সম্প্রচার দেখা যাচ্ছে না বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এর মধ্যে গ্রেপ্তার হন এই টেলিভিশনের মালিক আব্দুস সালাম।

এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী সংবাদিকদের বলেন, “একুশে টিভির সম্প্রচার বন্ধ করা হয়নি। এ ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। এখন পযন্ত এ ধরনের কোনো নির্দেশ প্রদান করা হয়নি।”

পাড়া-মহল্লায় একুশে টিভি দেখা না যাওয়ার পেছনে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

ইনু বলেন, “এটা শুনেছি, আমরা খতিয়ে দেখতে পারি। এখন পর্যন্ত একুশে টিভি কর্তৃপক্ষ আমাদের কোনো হস্তক্ষেপ কামনা করেনি।”

এদিকে সম্প্রচার সমস্যার কারণ হিসেবে ক্যাবল লাইনের গোলযোগকে দায়ী করেছেন একুশে টিভির বার্তা সম্পাদক মজুমদার জুয়েল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাবল অপারেটররা আমাদের জানাচ্ছিল, তারা একুশে টেলিভিশনের ডাউনলিংক পাচ্ছেন না। মুলত ক্যাবলের সমস্যার কারণে এ অবস্থা তৈরি হয়েছিল। আমাদের সম্প্রচার বন্ধ নেই।

“তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে এ অবস্থার উন্নতি হয়েছে। অনেক স্থানেই এখন একুশে টিভি দেখা যাচ্ছে।”

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক নারীর দায়ের করা মামলায় একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্যমন্ত্রী জানান।

মঙ্গলবার ভোরে একুশে টেলিভিশন (ইটিভি) কার্যালয়ের নিচ থেকে সালামকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে ওই মামলাটি দায়ের করা হয়েছে।

একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান  ‘একুশের চোখ’ এর একটি পর্ব নিয়ে ওই নারী এই মামলা করেন বলে জানান মাসুদ।