চট্টগ্রামে নেই হরতালের উত্তাপ
বিএনপির দেশব্যাপী অবরোধের মধ্যে চট্টগ্রাম জেলায় ডাকা হরতালের সমর্থনে মঙ্গলবার সকালে দলটির স্থানীয় নেতা-কর্মীদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসকে’ কেন্দ্র করে আয়োজিত সমাবেশে হামলা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম নগরীসহ পুরো জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বলেন, সকাল থেকে নগরীর পরিস্থিতি স্বাভাবিক। হরতালকে কেন্দ্র করে নগরীসহ কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনের রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যান্য হরতালে বিএনপি নেতা-কর্মীদের দেখা গেলেও এবার সকাল থেকে কারো কোনো তৎপরতা দেখা যায়নি। হরতালের সমর্থনে নেই কোনো মিছিল বা সমাবেশ।
এদিকে মঙ্গলবার বন্দর নগরী থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ যান চলাচল অনেকটাই স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে গণপরিবহন। ট্রেনগুলোও ছেড়েছে যথা সময়ে।
আগের দিন নির্বাচনের বছর পূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে সারা দেশের মেতো চট্টগ্রামেও কর্মসূচি পালন করে বিএনপি। এজন্য সোমবার বিকালে নগরীর নসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি পেয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
ওই সমাবেশ চলার এক পর্যায়ে বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাঁচ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের পর সংঘর্ষস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অন্তত আড়াইশ’ জনকে আটক করা হয়।
এরপর রাতেই আসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলায় হরতাল পালনের ঘোষণা দেয় উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান।
পরে চট্টগ্রাম নগরীতেও হরতালের কর্মসূচি ঘোষণা করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এরপর দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন দক্ষিণাঞ্চলের উপজেলাগুলোতেও হরতালের ডাক দেন।
দক্ষিণের উপজেলাগুলো হল- পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী।
পুলিশি বাধায় ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’র কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকাল থেকে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে নয়া পল্টনে যেতে চাইলে পুলিশ খালেদাকে আটকে দেয়। তখন থেকেই তিনি ওই কার্যালয়ে অবরুদ্ধ।
