মৌলভীবাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ
নির্বাচনের বর্ষপূতিতে সোমবার মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
জেলা সদর, কমলগঞ্জ ও কুলাউড়ায় ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল ও সমাবেশ পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এই সময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
বড়লেখায় পৌর মেয়রসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজারে কুসুমবাগ এলাকায় দুপুরে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।
এই সময় ২০ দলীয় জোটের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ ছালেক ফাঁকা গুলি ছোড়া ও গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
বড়লেখা উপজেলার স্থানীয় সাংবাদিকরা জানান, দুপুরে বড়লেখা পৌর শহরের স্থানীয় বিএনপি কার্যালয় থেকে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করতে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের একজন এসআইসহ কয়েকজন আহত হলে পুলিশ লাঠিপেটা শুরু করে।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা দল নেত্রী রাহেনা বেগম হাসনাসহ অন্তত ৯ বিএনপি নেতাকর্মী আহত হন।
এরপর আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের সময় যুবদলকর্মী নূরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়।
এরপরই বিএনপি অফিসের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে আসার আগেই পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু জানান, তাদের শান্তিপূর্ণ মিছিল বের করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিপেটা করে এবং পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের অফিস ভাংচুরসহ অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন বলেন, ৫ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভা চলাকালে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায় এবং ছাত্রলীগের জনসভা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জনতাকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীদের শহর থেকে বিতাড়িত করে।
কমলগঞ্জে বিএনপির একটি বিক্ষোভ মিছিল পুলিশ পন্ড করে দিয়েছ।
এ সময় পুলিশ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পুলিশ ছাত্র শিবির ও বিএনপির দুই কর্মীকে আটক করেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কমলগঞ্জে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কুলাউড়া থানার ওসি অমল কুমার ধর জানান, উপজেলার স্টেশন রোডে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
পুলিশ ১০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে এবং তিন জনকে আটক করে।
