২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অপহৃত প্রবাসী নোয়াখালীতে উদ্ধার

মুক্তিপণের দাবিতে এক প্রবাসীকে লক্ষ্মীপুর থেকে অপহরণের এক সপ্তাহ পর নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 06:17 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মাসুদ ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে হাত-পা ও মুখ বাঁধা  অবস্থায় তাকে পাওয়া যায়।

উদ্ধার ইতালি প্রবাসী আব্দুল বাতেন লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

গত ২৯ ডিসেম্বর নিজ বাড়ির সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় স্থানীয় নাসির বাহিনীর সদস্যরা। পরে তার পরিবারের কাছে মোবাইলে ফোন করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরদিন বাতেনের স্ত্রী তানভীন ফাতেমা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার আশ্রাফ আলী নামে এক জনকে গ্রেপ্তার করা হলেও মামলার প্রধান আসামি ও স্থানীয় নাছির বাহিনীর প্রধান নাছিরসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মাসুদ ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত ভবন থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাতেনকে উদ্ধার করা হয়। সোমবার বিকালে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে হাজির করা হয়।

এ বিষয়ে  সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া বলেন, অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে, অপহৃতের পরিবারের সদস্যদের প্রতিও পুলিশি নজরদারী রয়েছে।