২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে আগুন, আটক ১৪

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে উত্তেজনার মধ্যে রাজশাহী উপশহরে মহানগর আওয়ামী লীগের উত্তরাঞ্চলীয় শাখা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:18 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনার পর জামায়াতের ইসলামীর স্থানীয় এক কর্মীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরো ১২ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে।

বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নূর হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে ২৫ থেকে ৩০ জন লোক কালো কাপড়ে মুখ ঢেকে উপশহর নিউ মার্কেটের পাশে আওয়ামী লীগের ওই কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে তারা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে চলে যায় বলে স্থানীরা পুলিশকে জানিয়েছেন।

আগুনে কার্যালয়ে রাখা দুটি মোটরসাইকেল, টেলিভিশন ও চেয়ার টেবিলসহ দেয়ালে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়ে গেছে বলে জানান তিনি।

ওসি জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর রশিদ দেওয়ান নামের স্থানীয় এক জামায়াত কর্মীসহ দুই জনকে তারা আটক করেছেন।

এর আগে সকাল ৬টার দিকে বিনোদপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় বিলবোর্ড ভেঙে দেয় একদল দুর্বৃত্ত।

এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাড়ির সামনে একটি হাতবোমা ফাটানো হয় বলেও মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান।

এদিকে ৫ জানুয়ারি ঘিরে প্রধান দুই দলের কর্মসূচির কারণে রাজশাহীতেও সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজশাহীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও র‌্যাব। নগরজুড়ে সাদা পোশোকে গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও মাঠে রয়েছেন।”

রোববার রাত থেকে ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আনোয়ার-উল-আলম বলেন, সোমবার ভোর ৬টা থেকে নগরীতে চার প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনের জন্য আরো দুটি প্লাটুনকে প্রস্তুত রাখা হয়েছে।