উৎকণ্ঠার দিন শুরু হরতালের আবহে
কেউ ডাকেনি, তারপরও রাজনৈতিক হানাহানির শঙ্কার মধ্যে রাজধানীতে দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটি শুরু হয়েছে হরতালের আবহে।
বিএনপি ও আওয়ামী লীগ সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় পুলিশ ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিজিবিও।
এই উত্তেজনার মধ্যে রোববার থেকে বাস ও লঞ্চ চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে রাজধানী ঢাকা। সোমবার সকাল থেকে গণপরিবহনও একপ্রকার বন্ধ থাকায় ফাঁকা রাস্তা হরতালের কথাই মনে করিয়ে দিচ্ছে।
সকাল ৯টা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় নগর পরিবহনের বাস প্রায় নেই বললেই চলে। সায়দাবাদের দিক থেকে মাঝে মধ্যে দুই একটি বাস খিলগাঁওয়ের দিকে গেলেও সেগুলোকে মালিবাগ থেকে ঘুরে আবার ফিরে যেতে দেখা যায়।
কিছু রিকশা ও অটোরিকশা রাস্তায় থাকলেও বাস না থাকায় ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন মোড়ে বাসের অপেক্ষায় থেকে তারপর পায়ে হেঁটেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।
আগের দিন কিছু দূরপাল্লার বাস যাওয়া আসা করলেও সোমবার সকাল থেকে তা একেবারেই বন্ধ বলে জানালেন ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আবদুল হক।
‘নিরাপত্তা নিয়ে শঙ্কা ও সার্বিক পরিস্থিতির কারণে’ কোনো বাস মালিকই গাড়ি ছাড়ছেন না বলে তিনি জানান।
সকাল ৯টা পর্যন্ত সদরঘাটেও ঢাকার বাইরে থেকে কোনো লঞ্চ আসেনি।
বিআইডিব্লিউটিএ’র টিআই মোহাম্মদ সোলাইমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল সারা দিনে ৬২টি লঞ্চ এসেছে। আগের দিন এসেছিল ৬৬টি। তবে আজ সকালে কোনো লঞ্চ আসেনি।”
সকাল থেকে বুড়িগঙ্গায় ট্রলার দিয়ে যাত্রী পারাপারও বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে দুই একটা নৌকা দেখা গেলেও সকাল ১০টার পরে সব ধরনের যাত্রী পারাপার বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানালেন সোলাইমান নামের এক নৌকার মাঝি।
কারা নিষেধ করেছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা নিষেধ করেছেন।
বরিশুর গুদারা ঘাটের ট্রলার চালক ইলিয়াস জানালেন, রোববার রাত ১০টা থেকে তারা পারাপার বন্ধ রেখেছেন পুলিশের নির্দেশে।
কোতোয়ালির ওসি আবুল হাসান ও বংশালের ওসি আবদুল কুদ্দুস ফকিরও জানালেন, তাদের এলাকায় রাস্তা প্রায় ফাঁকা, যানবাহনও কম। তবে সকাল থেকে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
রোববার থেকে নিরাপত্তা জোরদারের পরও ঢাকা, ময়মনসিংহ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়ি পোড়ানো ও বোমাবাজির ঘটনা ঘটে। তারপর রাত থেকেই স্বাভাবিকের চেয়ে নীরব হয়ে যায় ঢাকার রাজপথ।
তার মধ্যেই জরুরি প্রয়োজনে মোটর সাইকেল নিয়ে বের হওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাব্বী রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দলের বিরোধ মানুষকে জিম্মি করে ফেলছে, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের মানুষ আতঙ্কে আছে... সাধারণ নাগরিক হিসেবে আমরা এই দেশে নিরাপদে জীবন-যাপনের নিশ্চয়তা চাই।”
