শেরপুরে দুর্ঘটনায় ট্রলি চালক নিহত
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, রোববার ভোর রাতে বাজিতখিলার সুলতানপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম (২৫) ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামের আলতাফ আলীর ছেলে।
এসআই হাবিব জানান, ভোর ৫টার দিকে ঝিনাইগাতী থেকে লাকড়ি নিয়ে শেরপুরে আসার পথে আরেকটি ট্রলির সঙ্গে ওই ট্রলির সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই ছিটকে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় ট্রলির লাকড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আলম। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে এসআই হাবিব জানান।
