মগবাজারে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর বড় মগবাজারে ‘সেঞ্চুরি টাওয়ার’ নামে একটি ভবনের নিচ থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম, ফাতেমা আক্তার (২০)।
রমনা থানার উপ পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, “শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বড় মগবাজারে ওই টাওয়ারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তার বাবার নাম জবান আলী।
চার মাস ধরে ফাতেমা বড় মগবাজারের ১১৯/১ নম্বর বাসার ডি/১৭ নম্বর ফ্ল্যাটে ব্যবসায়ী রফিকুল ইসলামের ফ্লাটে থাকতেন।
উপ পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, “রফিকুল সাহেবের বাসায় তিন জন নারী কাজ করেন। তার পরিবার আমেরিকায় থাকে। ফাতেমার মৃত্যুর বিষয়ে বাসার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”
ময়নাতদন্ত প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
