২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এক পোশাকশ্রমিক ধর্ষিত, অপরজনকে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক পোশাক পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 08:15 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

আরেক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শাহীন মিয়া (১৯), মহসিন মিয়া (২২), শাহিন সরকার (২০) ও দীপেন্দ্র বর্মণকে (২০) আদালতের মাধ্যমে শনিবার দুপুরে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মঞ্জিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালামপুর এলাকায় ধর্ষিত ওই নারী এপেক্স কারখানায় কাজ করতেন। তার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলায়।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় কারখানার কাজ শেষে রিকশা করে বাসায় ফিরছিলেন ওই পোশাক শ্রমিক। কালামপুর রেলক্রসিং এলাকায় পাঁচ যুবক তাকে তুলে নিয়ে পাশের বনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এক পর্যায়ে রাত ৯টার দিকে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিয়ে ওই চার যুবককে আটক করে পুলিশে দেয়। সাইফুল নামের আরও এক যুবক পালিয়ে যায়।

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার পূর্ব-মৌচাক এলাকার বনের ভেতরে গাছের ডালে ঝুলন্ত মঞ্জিলা আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় রহমত টেক্সটাইল কারখানার শ্রমিক মঞ্জিলা সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার খারসেদ বাড়িয়া গ্রামের গোলাম হোসেনের মেয়ে। ছোট বোন তাসলিমাকে নিয়ে সে কালিয়াকৈরের যুগিরচালা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই সাইফুল বলেন, শুক্রবার সন্ধ্যায় মঞ্জিলা বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে বনের ভেতরে মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী।

নিহতের বোন তাসলিমার দাবি, দুর্বৃত্তরা মঞ্জিলাকে রাতের কোনো এক সময় ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, ময়নাতদন্তের সম্পূর্ণ প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাবে না।