লঞ্চভাড়া না দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিয়েযাত্রা
সংসদ সদস্যের মেয়ের বিয়েতে যোগ দিতে ভাড়া না দিয়েই একটি লঞ্চে ঢাকা গেলেন বরিশাল ছাত্রলীগের এক দল নেতা-কর্মী।
সুরভী-৭ নামে ওই লঞ্চে শুক্রবার ঢাকায় রওনা হন প্রায় দুইশ’ নেতা-কর্মী, যা লঞ্চটির ধারণ ক্ষমতার এক-চতুর্থাংশ।
এই ছাত্রলীগ নেতাদের কেউ ভাড়া দেননি বলে লঞ্চ কর্মকর্তারা জানিয়েছেন। ভাড়া না দেওয়ার কথা স্বীকার করেন ছাত্রলীগ নেতারাও।
ওই লঞ্চে শুক্রবার ঢাকায় যান শিল্পমন্ত্রী, ঝালকাঠীর সংসদ সদস্য আমির হোসেন আমু।
ভ্রমণকারী এক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তাক আহম্মেদের নেতৃত্বে-ই তারা সুরভী লঞ্চে ঢাকায় যান।
ছাত্রলীগ নেতা-কর্মীদের ভাড়া না দেওয়ার বিষয়টি শুনে মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনই লঞ্চ মালিকের সঙ্গে কথা বলে ভাড়া পরিশোধের ব্যবস্থা করব।”
বরিশালের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরন ও বর্তমান সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে ঢাকায়।
শনিবারের এই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার নৌ ও সড়ক পথে বরিশাল থেকে ঢাকায় যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। এর মধ্যে দুইশ’ নেতা-কর্মী ওঠেন ওঠেন সুরভী-৭ লঞ্চে।
সুরভী লঞ্চ কোম্পানির এক পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেকের ভাড়া ২০০ টাকা। ছাত্রলীগের প্রায় দুশ’ নেতাকর্মী ভাড়া না দিয়েই লঞ্চ থেকে নেমে যায়।”
“আমরা অসহায়। আমাদের ব্যবসা করে চলতে হয়। যাত্রীরা অভিযোগ করলেও কিছু করার থাকে না। নেতাদের পক্ষ থেকে আগে জানানো হলে তাদের জন্য অন্য ব্যবস্থা করতে পারতাম,” ভাড়া না চাওয়ার কারণ তুলে ধরেন তিনি।
তবে ভাড়া না দেওয়ার বিষয়ে বিএম কলেজ ছাত্রলীগের নেতা মঈন তুষার বলেন, “লঞ্চের মালিক রিয়াজ ভাইয়ের সাথে আলাপ করলে, তিনিই বলেছিলেন তোমাদের ভাড়া লাগবে না।”
লঞ্চের এক কর্মচারী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা যাত্রীদের ডেকের জায়গা বড় রশি দিয়ে ঘিরে ফেলে তাতে নিজেরা অবস্থান নেয়। অনেক যাত্রীকে লঞ্চ থেকে নেমে যেতেও বাধ্য করে তারা।
